সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সন্ধ্যা নামলেই সব সুনশান, নিঃশব্দেই চলছে প্রচারণা!

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২২ ইং
সন্ধ্যা নামলেই সব সুনশান, নিঃশব্দেই চলছে প্রচারণা!

তিতুদহ ইউপি নির্বাচন : অতিরিক্ত পুলিশ মোতয়েন, মনিটরিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট

আকিমুল ইসলাম, তিতুদহ:

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর (আনারস) সমর্থকদের মধ্যে সহিংসতার পর নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে দর্শনা থানা। পরিবেশ শান্ত রাখতে পুলিশের পাশাপাশি প্রতিদিন সার্বিক দেখভাল করছে উপজেলা নির্বাহী অফিসারের একটি টিম। গত শনিবার নির্বাচনী এলাকায় সব প্রার্থীর অতিরিক্ত অফিসগুলো সরিয়ে দেওয়ার পর গতকাল রোববার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম আবারও অভিযান পরিচালনা করে নিয়মবহির্ভূত উচ্চস্বরে মাইকিং করাই পাঁচটি প্রচার মাইক জব্দ করেন।

গতকাল রোববার ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সন্ধ্যার নামলেই প্রায় সকল গ্রামই সুনশান হয়ে পড়ছে। আর প্রয়োজন অতিরিক্ত অফিস তুলে দেওয়ায় সাধারণ ভোটারসহ সকল প্রার্থীর কর্মীদের মধ্যে পূর্বের মতো আনন্দঘন মুহূর্ত দেখা যাচ্ছে না। এলাকা যেন সুনশান অবস্থা বিরাজ করছে।  তবে নিঃশব্দে চারজন চেয়ারম্যান প্রার্থীসহ মেম্বার প্রার্থীরা তাঁদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের মধ্যে শুরু হচ্ছে ভোট চাওয়ার প্রতিযোগিতা।

এদিকে, গতকাল বিকেল চারটার দিকে পাখিভ্যান ও অটোবাইক থেকে উচ্চস্বরে প্রচার করার জন্য ৫টি প্রচার মাইক জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাকম। এসময় তিনি বলেন, ‘পূর্বের সহিংসতার জন্য মাঠে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে কাজ করছে, সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত তদারকি করব। কোনো ধরণের অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রত্যেক প্রার্থীকে অধিক মোটরসাইকেলযোগে গণসংযোগ, বহিরাগতদের উগ্রপন্থিভাব, অধিক উচ্চস্বরে মাইক-সাউন্ড বক্স, একটি গাড়িতে একটি মাত্র মাইক অথবা বক্স থাকবে প্রচারের জন্য। কোনো প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সমর্থককে নির্বাচনের মাঠে বাঁধা সৃষ্টি করাসহ যেকোনো ধরণের অপ্রীতিকর কর্মকাণ্ড করলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনতা। জব্দকৃত ৫টি প্রচার মাইক তিতুদহ পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে এবং তা ভোটের পরের দিন ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মাইক মালিককে ফেরত দেওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী