মেহেরপুর জেলার গাংনী উপজেলা বিএনপি অফিসে হামলা চালিয়েছে ছাত্রলীগ। গতকাল বুধবার বেলা দুইটায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলাকালীন সময়ে এ হামলা চালায় ছাত্রলীগ। খবর পেয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এসময় গাংনী উপজেলা বিএনপি অফিসে অবরুদ্ধ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিরাপদে বের হতে সহযোগিতা করেন ওসি আব্দুর রাজ্জাক।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন দাবি করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্র সারা দেশে দুই দিনব্যাপী আলোচনা সভা ও কর্মসূচির ঘোষণা করে। এ ধারাবাহিকতায় প্রথম দিন গাংনী উপজেলা বিএনপি অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। খোলা জায়গায় আলোচনা সভার অনুমোদন না পাওয়ায় ঘরোয়াভাবে আমরা আলোচনা সভার আয়োজন করি।’
তিনি আরও দাবি করেন, ‘আজকের এই কর্মসূচির বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নিকট হতে আমরা মৌখিকভাবে অনুমতি নিয়ে আমাদের কার্যক্রম স্বল্প পরিসরে ঘরোয়াভাবে করার চেষ্টা করি। আমাদের কর্মসূচি শুরু হতে না হতেই জেলা ছাত্রলীগের এক দল সন্ত্রাসী বাহিনী এসে আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করে এবং আমাদের কর্মসূচি পণ্ড করে দেয়। গাংনী থানা প্রশাসনের হস্তক্ষেপে আমাদের নেতা-কর্মীরা সকলে নিরাপদে চলে যেতে সক্ষম হয়।’ ছাত্রলীগের এরূপ কর্মকাণ্ডে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বর্তমানে পরিস্থিতি শান্ত জানিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শান্তিপূর্ণভাবে বিএনপির নেতা-কর্মীরা বের হয়ে গেছেন। উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে থাকার জন্য বলা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন