সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিয়ের ৭ দিনের মাথায় কলেজছাত্রীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় বিয়ের ৭ দিনের মাথায় কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় প্রবাসী পাত্রের সঙ্গে বিয়ের সাত দিনের মাথায় রুকাইয়া (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর বাবার বাড়িতে বিষপান করেন তিনি। পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যাকারী রুকাইয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের মাঝেরপাড়ার সাইফুল ইসলামের মেয়ে।

জানা যায়, গত শুক্রবার (৭ জানুয়ারি) পারিবারিকভাবে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রবাসী পাত্র রুবেলের সঙ্গে বিয়ে হয় রুকাইয়ার। বিয়ের তিন দিন পর শ্বশুরবাড়ি থেকে স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালেও তিনি স্বামীর সঙ্গে একই ঘরে বসে গল্প করছিলেন। এরই মধ্যে সকাল সাড়ে নয়টার দিকে তিনি নিজ ঘর থেকে বাইরে বের হন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়ির উঠানে অচেতন হয়ে পড়েন। মুখে বিষের গন্ধ পেয়ে পরিবারের সদস্যরা রুকাইয়ার বিষপানের বিষয়ে জানতে পেরে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

রুকাইয়ার ছোট চাচা আশরাফুল ইসলাম বলেন, ‘পারিবারিকভাবে রুবেলের সঙ্গে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে রুকাইয়ার বিয়ে হয়। আজ (গতকাল) সকালেও সবকিছু ঠিক ছিল। সকাল সাড়ে ১০টার দিকে সে বাড়ির উঠানে অচেতন হয়ে পড়ে। এসময় রুকাইয়ার মুখ থেকে বিষের গন্ধ পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা মেয়েটিকে জরুরি বিভাগে নেয়। সে বিষপান করেছে বলে পরিবারের সদস্যরা জানায়। তবে জরুরি বিভাগে মেয়েটিকে মৃত অবস্থা পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিয়ের সাত দিনের মাথায় রুকাইয়া নামের এক নববধূর আত্মহত্যার ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। লাশটিকে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সার ডিলার আবেদনে অনিয়মের অভিযোগ