রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বর্ণালংকারসহ দু’লক্ষাধিক টাকার মালামাল লুট: আহত-২

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৯ ইং
স্বর্ণালংকারসহ দু’লক্ষাধিক টাকার মালামাল লুট: আহত-২

দর্শনা-আকন্দবাড়িয়া সড়কে পূর্বাশা পরিবহনে মধ্যরাতে ডাকাত দলের তাণ্ডব! স্বর্ণালংকারসহ দু’লক্ষাধিক টাকার মালামাল লুট: আহত-২ দর্শনা অফিস: ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনে দর্শনা-আকন্দবাড়িয়া কেরুজ বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানা সংলগ্ন স্থানে মধ্যরাতে গাছ ফেলে ঘন্টাব্যাপী ডাকাতির তান্ডব চালিয়েছে একদল মুখোশধারী ডাকাতদল। গত বুধবার আনুমানিক রাত ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, দুরপাল্লা এসি পরিবহন পূর্বাশা ঢাকা ঢাকা মেট্রো ব-১৫-০৬১১ গাড়ীটি ঢাকা থেকে দর্শনার উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে রাত ৩টার দিকে দর্শনা-আকন্দবাড়ীয়া সড়কের কেরুজ বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানা সংলগ্ন স্থানে পৌঁছালে সড়কের উপরে চটকা গাছ ফেলে ১৫-১৬ জনের একটি ডাকাত দল পূর্বাশা পরিবহনে ডাকাতির তান্ডব চালায়। এসময় গাড়ির ড্রাইভারের লক্ষ্য করে গাড়ির জানালায় দেশীয় অস্ত্র দিয়ে কোপ মারে। ড্রাইভার মামুন দ্রুত ছিট থেকে সটকে পড়ায় অল্পের জন্য রক্ষা পায়। পরে ডাকাত দলের সদস্যরা গাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে হেলপার রবিনকে দার উল্টো পিট দিয়ে দুইটি কোপ মারে এবং পকেটে থাকা ২ হাজার ৭শ’ টাকা ও তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গাড়ির সুপারভাইজার হাসানের নিকট হতে গাড়ির ক্যাশ নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। ড্রাইভার মামুনের কাছ থেকে একটি সোনার আংটি ও নগদ সাড়ে ৭হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া গাড়িতে একজন মহিলাসহ ৫ জন যাত্রী ছিলো। এর মধ্যে দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পাভেজের কাছ থেকে একটি দামি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে প্রচন্ড মারধর করে গুরুতর আহত করে। কেরুজ কর্মকর্তা ফিদা হাসানের নগদ সাড়ে ৪ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও ডাচ্ বাংলা বুথের একটি এটিএম কার্ড, একটি ল্যাপট্যাপ ছিনিয়ে নেয়। মহিলা যাত্রী শাহানাজ খাতুন নামের একজনের কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। যাত্রীরা জানান, ঘন্টাব্যাপী ডাকাত দলের সদস্যরা এ তান্ডব চালিয়ে সকলের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় ও ২ জনকে মেরে গুরুতর আহত করে। আহত দু’জন দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ ও সুপারভাইজার দর্শনা কাস্টমসপাড়ার হাসান প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ বিষয়ে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায়। এসময় সেখানে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের টহল পুলিশ ঘটনাস্থলে পৌছালে ডাকাত দলেরা পালিয়ে যায়। তবে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছানোর কারণে ডাকাত দলেরা বড় ধরনের অপরাধমূলক কর্মকান্ড ঘটাতে পারিনি। ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন, তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোল্লা সেলিম জানান, ডাকাতির খবর পেয়ে দ্রুত দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহলদল ও আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাত দলকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।



কমেন্ট বক্স