আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম। এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
গতকাল শুক্রবার বিকেলে হাটবোয়ালিয়া বাজারের পুলিশ শপিং কমপ্লেক্সের ছাদে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, হাটবোয়ালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জান মোহাম্মদ, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাজিবুল হক রাজন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ঝণ্টু, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি আইয়ুব কসাই, সহসভাপতি জুরাল কসাই এবং উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা।
এছাড়া উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই মনোয়ার হোসেন ও এএসআই সোরোয়ার হোসেন, প্রবীণ বিএনপি নেতা খলিলুর রহমান, আবুল কালাম, মুকুলুজ্জামান মিলন, সাইদুল, লিটন ও আলীম। বাজারের ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুল ইসলাম, মিনারুল ইসলাম, জিয়াউর রহমানসহ অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, ‘আলমডাঙ্গা থানায় যোগদানের পর অল্প কয়েক দিন হয়েছে। আমি আপনাদের সেবক। আপনারা আমাকে দিয়ে কাজ করিয়ে নিন। এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে ইনশাআল্লাহ কাজ করব। এ জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’
তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় হাটবোয়ালিয়া বাজারের সার্বিক নিরাপত্তা, ব্যবসায়ীদের জানমালের সুরক্ষা, মাদক প্রতিরোধ এবং এলাকার অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাটবোয়ালিয়া বাজারসহ আশপাশের এলাকায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রতিবেদক হাটবোয়ালিয়া