মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় সামাজিক আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ

বাড়িঘর ভাঙচুর, আহত ১০ জন,
  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
শৈলকুপায় সামাজিক আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দোহারো গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লা এবং স্থানীয় ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার বিকেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে অন্তত ১০ জন আহত হন। পাশাপাশি ক্ষুব্ধ পক্ষগুলোর হামলায় দোহারো গ্রামের প্রায় ২০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত ও ভাঙচুরের শিকার হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্লা বলেন, ‘সামাজিক আধিপত্য নিয়ে দু’পক্ষের মারামারির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ৬-৭ জন আহতের তথ্য পাওয়া গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমার যোগদান