চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য দেখিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত আড়াই মাসে (১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর) পৃথক অভিযানে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে ১৭৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক, স্বর্ণ, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য চোরাই পণ্য। গতকাল শনিবার বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আড়াই মাসে পরিচালিত বিশেষ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৫৭৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। এ ছাড়া জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা, ৪৯ কেজি ৭২ গ্রাম গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট। এসব ঘটনায় মহেশপুর ও জীবননগর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, সীমান্ত দিয়ে পুশ-ইন ও চোরাচালান ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযানের পাশাপাশি সীমান্তবর্তী মানুষকে সচেতন করতে মতবিনিময় সভাও অব্যাহত রয়েছে।
ঝিনাইদহ অফিস