বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে জুয়েল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে কৌশিক আহমেদ রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম এবং সহসভাপতি হিসেবে মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল স্থান পেয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান।
কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হিসেবে মো. রাশিদুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের ওই নির্দেশনায় নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় সংসদ।
এদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবনিযুক্ত কমিটিকে অভিনন্দন জানিয়ে চুয়াডাঙ্গা শহরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে এই মিছিল অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক