ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝিনাইদহে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় মাঠের পাকা ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন ঘটেছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিজে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে এবং দিনমজুর ও শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে। আবহাওয়ার এমন বৈরী অবস্থায় ফসল ও জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ।
কৃষক নাইমুল ইসলাম জানান, তিনি ধান কাটার একদিন পর এমন বিরূপ আবহাওয়া শুরু হয়েছে। পাকা ধান এখন পানিতে ভিজে যাচ্ছে। কৃষক বাবুল বিশ্বাস জানান, সাধুহাটি ইউনিয়নে বহু কৃষকের কাটা ধান জমিতে পড়ে আছে। এতে কৃষকদের লোকসান গুনতে হবে। সার, কীটনাশকের দোকানে কীভাবে দেনা শোধ করা হবে, এই চিন্তায় কৃষকদের ঘুম হারাম হয়ে গেছে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, বৃষ্টির মধ্যে যারা ধান কেটেছেন তাদের ক্ষতির সম্ভাবনা বেশি। তবে এখনো সারা জেলায় পুরোদমে ধান কাটা শুরু হয়নি। তিনি বলেন, কৃষি কর্মকর্তারা মাঠের দিকে নজর রাখছেন।
ঝিনাইদহ অফিস