মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছির মাঠে মাঠে সোনালি ধানের সমারোহ

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২৬ ইং
কুড়ুলগাছির মাঠে মাঠে সোনালি ধানের সমারোহ

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির মাঠে মাঠে এখন সোনালি ধানের সমারোহ। যতদূর চোখ যায়, ততদূর বিস্তৃত ফসলের মাঠ। কোথাও সবুজের সমারোহ, আবার কোথাও পাকা ধানের শীষে লেগেছে সোনালি রং। বাতাসে দোল খাওয়া ধানের শীষে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য। মাঠের এমন সৌন্দর্য যেমন পথচারীদের দৃষ্টি কাড়ছে, তেমনি কৃষকের মনে জাগাচ্ছে নতুন আশার আলো। ভালো ফলনের প্রত্যাশায় আনন্দে দিন কাটছে কৃষকদের।


স্থানীয় কৃষক আবু সামা (পটল) কুড়ুলগাছি মাঠে তিন বিঘা জমিতে বিআর-১১ জাতের ধান চাষ করেছেন। ধানের বেড়ে ওঠার শুরু থেকেই নিয়মিত পরিচর্যা করেছেন তিনি। প্রথমে জমিতে কাঁচা থোড় আসে। এরপর ধীরে ধীরে বের হয় সবুজ ধানের শীষ। সময়ের ব্যবধানে সেই শীষ এখন সোনালি রং ধারণ করে পাকতে শুরু করেছে। তাঁর জমির ধান এখন পর্যন্ত রোগবালাইমুক্ত রয়েছে।


কৃষক আবু সামা জানান, তিন বিঘা জমিতে ধান উৎপাদনে এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। জমির বর্তমান অবস্থা দেখে তিনি আশাবাদী, এবার তিন বিঘা জমি থেকে প্রায় ৭৫ থেকে ৯০ মণ ধান উৎপাদন হবে। অর্থাৎ প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ মণ ধান পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।


দামুড়হুদা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, চলতি মৌসুমে কুড়ুলগাছি ইউনিয়নে বিআর-১১ জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এর বিপরীতে আবাদ হয়েছে ১ হাজার ৫৫৫ হেক্টর জমিতে।


সব মিলিয়ে কুড়ুলগাছির মাঠে এখন ধান পাকার অপেক্ষায় কৃষক। সোনালি শীষের সৌন্দর্যের পাশাপাশি ঘরে নতুন ধান তোলার স্বপ্ন দেখছেন তাঁরা। প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাইয়ের হাত থেকে ফসল রক্ষা পেলে এবার ভালো ফলনের পাশাপাশি কৃষকের মুখে হাসি ফুটবে- এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের।



কমেন্ট বক্স
notebook

চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে রক্ষা পেল স্কুলছাত্র