মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ফুটপাত ও দুটি ব্রিজ দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২৬ ইং
আলমডাঙ্গায় ফুটপাত ও দুটি ব্রিজ দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান

আলমডাঙ্গা শহরের প্রবেশমুখ হাউসপুর ব্রিজ ও সাদা ব্রিজসহ বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করতে সচেতনতামূলক অভিযান চালিয়েছে পৌর প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহিনুর আক্তার। অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আলমডাঙ্গা থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে হাউসপুর ব্রিজ ও সাদা ব্রিজের ওপর থেকে দোকান সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে ব্রিজের ওপর দোকান না বসানোর নির্দেশ দেন পৌর প্রশাসক। পরে হাইরোড, হাফিজ মোড় ও হাউসপুর ব্রিজ এলাকার ব্যবসায়ীদের তাঁদের প্রতিষ্ঠানের সামনের ফুটপাত থেকে মালামাল সরিয়ে নিতে বলা হয়।


অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহিনুর আক্তার বলেন, ব্রিজ ও ফুটপাত দখল করে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারবেন না। কেউ ফুটপাত দখল করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে নির্মিত অতিরিক্ত টিনের চাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। এসময় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত রাখার বিষয়ে পৌর প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জানা গেছে, শহরের প্রবেশমুখ হাউসপুর ব্রিজ ও সাদা ব্রিজের ওপর বেশ কয়েকজন ভ্রাম্যমাণ দোকানি দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত ব্রিজ দুটির ওপর দোকান বসানোর কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। এছাড়া শহরের হাইরোড, হাফিজ মোড় ও হাউসপুর ব্রিজ এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করে মালামাল রাখার অভিযোগ রয়েছে। এতে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সরকারি গার্লস স্কুলে এইচপিভি টিকার সচেতনতামূলক অভিভাবক সমাবেশ