মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার
  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২৬ ইং
আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে শিমুল হোসেন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা একটার দিকে উপজেলার খাদিমপুর গ্রামে বাড়ির পাশের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। প্রায় সাত ঘণ্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি।


নিহত শিমুল হোসেন খাদিমপুর গ্রামের গাংপাড়ার বাসিন্দা কলিম উদ্দিন গাইনের একমাত্র ছেলে। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শিমুল দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যান শিমুল। কিছুক্ষণ পর তাঁর বাড়িতে ফেরার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে যায়। তবু তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাঁকে খুঁজতে শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও তাঁদের সঙ্গে যোগ দেন।


দীর্ঘ প্রায় সাত ঘণ্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে নদী থেকে শিমুলের মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা কলিম উদ্দিন গাইনসহ স্বজনেরা। শিমুলের আকস্মিক মৃত্যুতে স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে পরিবারটির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে রক্ষা পেল স্কুলছাত্র