শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকূপায় গ্রামীণ রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার পিআইসি’র কাজ করছেন রাজনৈতিক নেতা!

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৬ ইং
শৈলকূপায় গ্রামীণ রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার পিআইসি’র কাজ করছেন রাজনৈতিক নেতা!

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে| এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে|

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাকিমপুর ইউনিয়নের চামটাইলপাড়া মোড় থেকে স্থানীয় মন্দির অভিমুখে প্রায় ২৭০ ফুট রাস্তা পাকাকরণের জন্য চলতি অর্থবছরে ৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়| অভিযোগ রয়েছে, প্রকল্পের শুরু থেকেই নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছিল|

প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও ইউপি সদস্য আব্দুল মতিন হান্নান অভিযোগ করেন, ‘হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দ্দার রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পটি নিজের নিয়ন্ত্রণে নেন| আমাকে জিম্মি করে প্রকল্পে নাম ব্যবহার করা হয়েছে| কখন কাজ শুরু হয়েছে, কীভাবে হয়েছে কিংবা কারা কাজ করছে, কিছুই আমাকে জানানো হয়নি| আমি শুধু নামমাত্র সভাপতি| এ নিয়ে মুখ খুললে আমার ওপর হামলা ও জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে|’

নিম্নমানের কাজের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন ঘটনাস্থল পরিদর্শন করেন| এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় পিআইসি সভাপতিকে ইউএনও কার্যালয়ে নেওয়া হয়| পরে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান| উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন জানান, কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে| তবে প্রকল্পের প্রথম কিস্তির ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা কীভাবে উত্তোলন করা হলো, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি|

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান বলেন, ‘সরকারি প্রকল্পে অনিয়মের কোনো সুযোগ নেই| ব্যবহৃত নিম্নমানের সব সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে| যথাযথ মান বজায় রেখে পুনরায় কাজ সম্পন্ন করতে হবে| আইন অনুযায়ী পিআইসি সভাপতির ওপর দায়িত্ব বর্তায় বলেই তাকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে|’




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত