চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উপলক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
এসময় তিনি বলেন, ‘খেলার নীতিমালা অনুযায়ী খেলোয়াড়দের বাছাই করতে হবে, বয়স এবং উচ্চতা নীতিমালায় যা বলা আছে, সেভাবেই বাচ্চাদের ভাগ করবেন। এবং বাচ্চাদের দেখতে যেন খেলোয়াড় সুলভ মনে হয় সেভাবেই সাজাবেন। এবং যে দলের সাজসজ্জা সবচেয়ে সুন্দর হবে, সেই উপজেলা অফিসারকে পুরস্কৃত করা হবে।’
তিনি আরও বলেন, ‘সামনে বাচ্চাদের পরীক্ষা, এসময় এমন আয়োজন করা ঠিক হয়নি। তবে আপনারা বাচ্চাদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ দৃষ্টি দেবেন। যেহেতু তারা খালি পায়ে খেলবে, তাই মাঠের দায়িত্বে যারা আছেন, তারা মাঠ পরিষ্কার থেকে শুরু করে মাঠের উঁচু-নিচুর সমস্যার দিকে বিশেষ নজর দেবেন। বাচ্চাদের কোনো ক্ষতি হলে মাঠের দায়িত্বে যারা থাকবেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
সভায় আসন্ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) আয়োজন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, আগামী মে মাসের ১১ ও ১২ তারিখ চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১ মে সেমিফাইনাল এবং ১২ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সভায় টসের মাধ্যমে চারটি উপজেলাকে দুই ভাগে বিভক্ত করা হয়। প্রথম ভাগে আলমডাঙ্গা বনাম জীবননগর এবং দ্বিতীয় ভাগে চুয়াডাঙ্গা সদর বনাম দামুড়হুদা উপজেলার দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ের বালক ও বালিকা উভয় দল অংশ নেবে। সভায় আরও জানানো হয়, নির্ধারিত তারিখে সকাল ৮টায় খেলা শুরু হবে এবং কোনো দল নির্ধারিত সময়ের পরে উপস্থিত হলে সর্বোচ্চ ১০ মিনিট অপেক্ষা করা হবে। এছাড়া শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পুরস্কার ক্রয়, রেফারি নিয়োগ, মাঠ প্রস্তুতকরণ এবং মেডিকেল টিম গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক-উজ-জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি রেজাউল হক, ক্রীড়া অনুরাগী ও সাবেক খেলোয়াড় বিপুল হাসানসহ চার উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া অনুরাগী ও সাবেক খেলোয়াড়রা।
নিজস্ব প্রতিবেদক