শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২৫ ইং
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন প্রার্থী মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


যাচাই-বাছাই শেষে নিয়োগ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনীতদের নিয়োগের আগে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদসহ জমাকৃত সব কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি প্রাক-নিয়োগ নিরাপত্তা যাচাইও চলবে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে।


এছাড়া, কেউ যদি আবেদনপত্রে ভুয়া তথ্য দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন, তা প্রমাণিত হলে তাঁর মনোনয়ন বাতিল করা হবে। এমনকি প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে অভিযুক্ত করাসহ চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে।


নিয়োগ প্রক্রিয়ার ধাপ

৪৮তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। এতে মেডিকেল সায়েন্সে ১০০ নম্বর এবং বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা মিলিয়ে সাধারণ বিষয়ে আরও ১০০ নম্বরের প্রশ্নপত্র ছিল।


পরবর্তীতে গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। এতে উত্তীর্ণ হন মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হন ৫১১ জন। পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন এসব প্রার্থী।


শূন্য পদ ৩ হাজার

উল্লেখ্য, গত ২৯ মে পিএসসি ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টি—মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগের কথা বলা হয়। তবে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলে সহকারী সার্জনে মনোনয়নপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৮২০ জন।


নতুন এই বিসিএস ক্যাডার চিকিৎসকদের নিয়োগে এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা। যাচাই-বাছাই শেষে তাঁদের বিভিন্ন সরকারি হাসপাতালে পদায়ন করা হবে। 



কমেন্ট বক্স