ডিহি কৃষ্ণপুরে আড়াই লাখ টাকা মূল্যের একজোড়া মহিষ চুরি
- আপলোড তারিখঃ
১৯-০৩-২০১৮
ইং
দর্শনা অফিস: ডিহি কৃষ্ণপুর ডাক্তারপাড়া থেকে আড়াইলাখ টাকা মূল্যের একজোড়া মহিষ চুরির ঘটনা ঘটেছে। হালের মহিষ জোড়া হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র চাষী হামিদুল। গত শনিবার আনুমানিক রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহি কৃষ্ণপুর ডাক্তারপাড়ার মৃত আমির হোসেনের ছেলে দরিদ্র চাষী হামিদুল ইসলামের একজোড়া হালের মহিষ চুরি হয়ে যায়। মহিষ জোড়ার দাম প্রায় আড়াই লক্ষ টাকা। হামিদুলের পরিবারের সদস্যরা জানায়, রাত সাড়ে ৩টার দিকে ঘুম ভেঙে গোয়াল ঘরের দিকে তাকালে মহিষ জোড়া দেখতে না পেয়ে চিৎকার দেয় বাড়ির লোকজন। এসময় আশপাশের লোকজন ছুটে আসে এবং পার্শবর্তী মাঠে অনেক খোজাখুজি করেও কোন সন্ধান পাইনি। এছাড়া কয়েক দিন আগে কৃষ্ণপুর বোয়ালমারী পাড়ার সাহেব আলীর ছেলে হালিমের একটি গরু নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায়। হিজলগাড়ী পুলিশ ফাড়ির ইনচার্জ আমিরুল ইসলাম জানান, এ ধরনের একটি চোরের দল সক্রিয় হয়ে উঠেছে। আমরা চেষ্টা করছি এদেরকে ধরতে। তবে আমাদের গ্রামবাসীর সহযোগিতা প্রয়োজন। এছাড়া তিনি বলেন, আমি গ্রামের মানুষদের বলে এসেছি গ্রাম কমিটি তৈরি করে রাতপাহারা করার জন্য। আর যার যার গরু, মহিষ রয়েছে, রাস্তার পাশে ফাঁকা যায়গায় বেধে না রেখে বাড়ির ভিতরে নিজ দায়িত্বে রাখার আহ্বান জানান তিনি।
কমেন্ট বক্স