চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ নম্বর কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুর স্পোর্টিং ক্লাব ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচে তিয়রবিলা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাদপুকুর স্পোর্টিং ক্লাব। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের জুয়েল।
৫ নম্বর কুতুবপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবপুর গ্রামের কৃতী সন্তান ও ৩ নম্বর কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু আসলাম সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে আবু আসলাম সোহাগ বলেন, ‘যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আমি মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ বন্ধ, শিক্ষার উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।’
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর কুতুবপুর ইউনিয়ন বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজ ফারাজি, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লাল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজিব মিয়া, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহন আলী এবং কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুটবলপ্রেমী ও কুতুবপুর গ্রামবাসী।
প্রতিবেদক সরোজগঞ্জ