মেহেরপুর সদর উপজেলার বারাদীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মোমিনপুর মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ে এ কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। বারাদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির মাওলানা সোহেল রানা ও উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মহান আল্লাহর আদেশ-নিষেধ, ব্যক্তিজীবন ও সমাজজীবনে ইসলামের শিক্ষার গুরুত্ব এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও ইসলাম প্রতিষ্ঠার বিভিন্ন ঐতিহাসিক ঘটনা তুলে ধরেন। বক্তারা বলেন, ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধ অনুসরণের মাধ্যমে একজন মানুষ নিজেকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারেন। কুরআন-সুন্নাহর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য নেতা-কর্মীদের নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন, আত্মশুদ্ধি ও সাংগঠনিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বারাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী শিক্ষা বৈঠকে কুরআন-হাদিসের শিক্ষা, সাংগঠনিক দায়িত্ব ও নৈতিক চরিত্র গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক।
প্রতিবেদক বাড়াদী