মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের জরুরি বিভাগের সামনে থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ২২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা-পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের জরুরি বিভাগের গেটের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরচক্র।
এদিকে হাসপাতালের আনসার সদস্য সুরুজ আলীর সন্দেহ হলে তিনি ঘটনাটি নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এসময় তিনি ওই ব্যক্তিকে মোটরসাইকেলটি তার কি না জানতে চাইলে তিনি সেটি নিজের বলে দাবি করেন। পরে মাস্টার চাবি দিয়ে মোটরসাইকেলটি চালু করে সেখান থেকে চলে যান। পরে মোটরসাইকেলের মালিকের ছোট ভাই ইমন জোয়ারদার হাসপাতালে ভর্তি থাকা তার কন্যাকে দেখতে এসে নিচে নেমে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে বিষয়টি বড় ভাই ইসমাইলকে জানান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগ পাওয়ার পর মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নির্দেশনায় পুলিশ অভিযান শুরু করে। চুরির প্রায় ২২ ঘণ্টার মধ্যে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) চত্বরে সাবস্টেশনের সামনে থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উপপরিদর্শক (এসআই) লিটনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ২১ আগস্ট রাতে মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার সময় একজন আনসার সদস্যের ধারণ করা ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে প্রায় ২১ ঘণ্টার মধ্যে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে, তা শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক মেহেরপুর