মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার ভোরে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
এরপর শহরের কোর্ট মোড় এলাকা থেকে একই ধরনের আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে সোনালী ব্যাংকের সামনেও বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় আরও একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরপর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এসব বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে। তবে এগুলো আসলে কী ধরনের বস্তু এবং এর সঙ্গে বিস্ফোরক কোনো উপাদান রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। একই সকালে পরপর তিনটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে ১৫ ই আগস্ট কে কেন্দ্র করে মেহেরপুর শহরে অস্তিত্বশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কে বা কাহারা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
প্রতিবেদক মেহেরপুর