‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এবং ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাক্সক্ষা’- এই বার্তা সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালন করা হয়েছে। একই সঙ্গে মাদকমুক্ত ও মানবিক যুবসমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। গতকাল বুধবার ‘শান্তি ও স্থিতিশীলতার জন্য বহুপক্ষীয় উদ্যোগ (এমআইপিএস)’ প্রকল্পের আওতায় ইউথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর সার্বিক সহযোগিতায় এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তায় দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় তরুণ-তরুণী, ইউথ পিস অ্যাম্বাসেডর, বিদ্যালয়ের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পিএফজির সমন্বয়কারী ওয়াজেদ আলী খান বলেন, ‘তরুণদের শক্তির কোনো বিকল্প নেই। তাদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে এবং মাদক, মাদক ব্যবসা ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে দূরে রাখতে হবে।’ তিনি আরও বলেন, সীমান্তবর্তী এ অঞ্চলে মাদক পাচার, ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক ও সাধারণ মানুষের সচেতন ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় শান্তি, সম্প্রীতি ও মাদক বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে কেদারগঞ্জ বাজার ও আশপাশের এলাকা।
মুজিবনগর অফিস