মেহেরপুরে জেলা কারাগার ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। গতকাল মঙ্গলবার দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করে তিনি নিরাপত্তা, সেবার মান এবং সরকারি কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। এদিন দিনের শুরুতে জেলা প্রশাসক মেহেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন। কারাগারে পৌঁছালে কারা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি সালাম গ্রহণ করেন এবং কারা চত্বরের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের আবাসন ব্যবস্থা, বন্দিদের খাদ্যতালিকা, চিকিৎসাসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। তিনি বন্দিদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও মতামত শোনেন। এ সময় কারা কর্তৃপক্ষকে বন্দিদের মানবিক মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মেহেরপুর জেলা কারাগারের সংশ্লিষ্ট কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন করেন। জেলার কৃষি উৎপাদন ব্যবস্থার মানোন্নয়ন এবং কৃষকদের কাছে সময়মতো উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের গুদামজাতকরণ ব্যবস্থা, বীজ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, কৃষকের দোরগোড়ায় মানসম্মত বীজ পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। বীজের মান নিয়ন্ত্রণ এবং নির্ধারিত সময়ে কৃষকদের কাছে সরবরাহ নিশ্চিত করতে বিএডিসির প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। তিনি বিএডিসির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক মেহেরপুর