বুধবার, ১০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করলেন ড. তোজাম্মেল হোসেন

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২৬ ইং
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করলেন ড. তোজাম্মেল হোসেন

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন। গতকাল সোমবার দুপুরে ঢাকা থেকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন।


যোগদানের পরপরই ড. তোজাম্মেল হোসেন বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি এবং স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্বাচনের বিষয়সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সাবেক উপাচার্যের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবগত হন। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সদ্য সাবেক উপাচার্য যেখান থেকে কাজ শেষ করেছেন, আমি সেখান থেকেই কাজ শুরু করব। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালুর জন্য জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”


তিনি আরও বলেন, “আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি, ক্যাম্পাসের স্থান নির্ধারণসহ বিশ্ববিদ্যালয়ের সকল প্রয়োজনীয় কার্যক্রম চালুর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, গতকাল সরকার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. মো. তোজাম্মেল হোসেনকে নিয়োগ দেয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।


প্রজ্ঞাপন অনুযায়ী, ড. তোজাম্মেল হোসেন বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ প্রদান করা হয়েছে।


নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে হবে, ততদিন তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন দায়িত্ব পালন করেছেন।


জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। ড. তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।


এছাড়া নতুন উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ শাহি উদ্দীন এবং কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিগণ।



কমেন্ট বক্স
notebook

আসছে ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন