জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে গাংনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যসামগ্রী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা হয়।
অভিযান চলাকালে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী গাংনী বাজারের ইনসাফ বেকারিকে প্রশাসনিক ব্যবস্থায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক গাংনী