মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের চার বছর বয়সী কন্যা আফরিন এবং মাহিমের ভাগ্নে যশোরের ঝিকরগাছা উপজেলার সজিব হোসেনের ছেলে আকবর (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক চালক আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা এলাকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। গাংনী উপজেলার ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে, গুরুতর আহত শিশু আফরিন ও আকবরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।
প্রতিবেদক গাংনী