শুক্রবার, ৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হারানো ৮২ মোবাইল ও প্রতারণার অর্থ উদ্ধার

মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২৬ ইং
মেহেরপুরে হারানো ৮২ মোবাইল ও প্রতারণার অর্থ উদ্ধার

মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত হারানো ৮২টি মোবাইল ফোন এবং অনলাইনে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব মোবাইল ফোন ও নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।


অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে আমরা কেউই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সাইবার স্পেসের বাইরে নই। তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে। তিনি পুরাতন মোবাইল ফোন কেনার ক্ষেত্রে বক্স ও ক্যাশ মেমো সংগ্রহ করার পরামর্শ দেন। পাশাপাশি বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি কারও সঙ্গে শেয়ার না করা এবং অনলাইনে কেনাকাটার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়ার আহ্বান জানান।


পুলিশ সুপার আরও জানান, সাইবার অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ দমনে সাধারণ মানুষকে স্থানীয় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। জেলা পুলিশ সূত্রে জানা যায়, এপ্রিল ২০২৬ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে রয়েছে- প্রতারণার ৫টি মামলায় মোট ১৩ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত প্রদান। হারানো ৮২টি মোবাইল ফোন উদ্ধার।


১৮টি ফেসবুক আইডি ও ৯টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার। ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া বিকাশ/নগদের ৪৯ হাজার টাকা উদ্ধার। দুজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সহায়তা প্রদান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হারানো মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের মুখে হাসি ফোটাতে সেলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স