বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনীতে অসুস্থ মাদক ব্যবসায়ী স্বামীকে ছেড়ে দিয়ে

সমঝোতার মাধ্যমে স্ত্রীকে গ্রেপ্তারের অভিযোগ
  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২৬ ইং
মেহেরপুরের গাংনীতে অসুস্থ মাদক ব্যবসায়ী স্বামীকে ছেড়ে দিয়ে

মাদক ব্যবসায়ী স্বামীকে আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১২৪ পিস ইয়াবাসহ নাসরিন আক্তার নামের ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে। নাসরিন আক্তার বেতবাড়ীয়া গ্রামের অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের প্রথম স্ত্রী।
গাংনী থানা সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে ইয়াবা বিক্রির সময় পুলিশের একটি অভিযান দল নাসরিন আক্তারকে ১২৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। একই সাথে নগদ ১ লাখ ২০ হাজার ৭৬৬ টাকা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল সোমবার দুপুরে নাসরিন আক্তারকে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে গাংনী থানা-পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী থানা পুলিশের একটি দল গত রোববার সন্ধ্যায় বেতবাড়ীয়া গ্রামে অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালায়। নিজ ঘরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় জাহাঙ্গীরকে আটক করে পুলিশ। ওই বাড়িতে আইনি কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে পুলিশ কিছু সময় অবস্থান করে। এর মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জাহাঙ্গীর হোসেন। শ্বাসকষ্ট হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করেন পুলিশের অভিযান টিমের সদস্যরা।


এদিকে, জাহাঙ্গীর অসুস্থ হওয়ায় তার দ্বিতীয় স্ত্রীকে পুলিশ গ্রেপ্তারের আবদার করে। তবে দ্বিতীয় স্ত্রী সাফ জানিয়ে দেন তিনি ইয়াবার টাকা খান না। এ জন্য পুলিশের হাতে গ্রেপ্তার হবেন না। দ্বিতীয় স্ত্রী সম্মত না হওয়ায় প্রথম স্ত্রীকে নিয়ে গাংনী থানায় ফেরে ‍পুলিশ। অভিযান শেষ করে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর স্বাভাবিক চলাফেরা শুরু করেন জাহাঙ্গীর। গতকাল সোমবার সারাদিন তাকে মোটরসাইকেল ঘুরতে দেখেছেন অনেকে। একজন মাদক ব্যবসায়ীর বদলে তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানো কতটা আইন সম্মত তা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে।


স্থানীয়রা জানান, অভিযানের সময় একই ঘরে জাহাঙ্গীর ও তার‌ প্রথম স্ত্রী উপস্থিত ছিলেন। অভিযানের সময় কোনো আসামি কিংবা সন্দেহভাজন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়েন তবে পুলিশ হেফাজতে তার চিকিৎসা করতে হবে। সুস্থ হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে। কিন্তু অভিযুক্ত কোনো মাদক ব্যবসায়ীকে অসুস্থতাজনিত কারণে ছেড়ে দিয়ে তার জায়গায় তার স্ত্রীকে গ্রেফতার দেখানো কতটা বেআইনি এবং ন্যক্কারজনক ঘটনা তা নিয়ে এলাকায় চলছে ক্ষোভ।


অভিযানের বিষয়ে জানতে চেয়ে মোবাইলে কয়েকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি অভিযান টিমের প্রধান গাংনী থানার এসআই শিমুলকে। মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে গ্রেপ্তারের বিষয়ে মেহেরপুর অতিক্তির পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী হয়তো দুজনেই মাদক ব্যবসায়ী। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার