সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ভাই ও যুবলীগ নেতা শহীদ সরফরাজ মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এ আদেশ বাস্তবায়নে প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। আগামী সপ্তাহের মধ্যেই ক্রোক আদেশ কার্যকর হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালে এনআই অ্যাক্টের ১৮ ধারায় মেহেরপুরের যুগ্ম দায়রা জজ ২য় আদালতে শহীদ সরফরাজ মৃদুলের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করেন তার ব্যবসায়ী অংশীদার দেবাশীষ কুমার বাগচি। মামলার নম্বর এস.সি-১৫৬/২০২৪। ওই মামলায় ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি আদালত রায় দিয়ে মৃদুলকে ১ কোটি ৮০ লাখ টাকার দ্বিগুণ অর্থদণ্ড এবং এক বছরের কারাদণ্ড প্রদান করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি রায়ের বিরুদ্ধে কোনো আপিল করেননি।
পরবর্তীতে ২০২৬ সালের ২৯ জানুয়ারি বাদী ফৌজদারি কার্যবিধির ১৮৬ ধারায় জরিমানার অর্থ আদায়ের জন্য একই আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে ৯ ফেব্রুয়ারি আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন এবং এ সংক্রান্ত নির্দেশনা মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করা হয়।
আদালতের আদেশ অনুযায়ী, আসামি শহীদ সরফরাজ মৃদুলের প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের সম্পত্তির একটি তালিকা সংযুক্ত করা হয়েছে। অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী—সিলিং ফ্যান, ফ্রিজ, খাট, সোফা, আলমিরা, ড্রেসিং টেবিল ও এসি—যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে স্থাবর সম্পত্তির মধ্যে ঝাউবাড়িয়া, মেহেরপুর ও হরিরামপুর মৌজায় মোট ৩.৩৬৪৫ একর জমি রয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।
মামলার বাদী দেবাশীষ কুমার বাগচি অভিযোগ করে বলেন, আদালত আড়াই মাস আগে ক্রোকের আদেশ দিলেও এখনো কার্যকর হয়নি। শুধু হবে হচ্ছে বলে সময়ক্ষেপণ করা হচ্ছে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ক্রোক আদেশের কপি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ক্রোকের আদেশ পাওয়ার পর তদন্ত সম্পন্ন করে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে ডিসি বরাবর পাঠানো হয়েছে। এর মধ্যে ডিসি বদলি হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে আশা করছি আগামী সপ্তাহেই আদালতের আদেশ বাস্তবায়ন করা সম্ভব হবে।
প্রতিবেদক মেহেরপুর