রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মালয়েশিয়ায় মাটি চাপা পড়ে গাংনীর রুহুল আমিনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৬ ইং
মালয়েশিয়ায় মাটি চাপা পড়ে গাংনীর রুহুল আমিনের মৃত্যু

পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে প্রায় তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান মো. রুহুল আমিন (৩৮)। বিদেশ যাওয়ার আগে তার নিজস্ব একটি চায়ের দোকান ছিল। আগামী কোরবানির ঈদে ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই ফেরা আর হলো না। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েই তিনি চলে গেলেন না ফেরার দেশে। কাজ করার সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গত শুক্রবার সকালে মালয়েশিয়ার জহুর বারু শহরের পাহাং এলাকায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ জহুর বারু ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে পাহাংয়ের একটি মর্গে রাখা হয়েছে। রুহুল আমিন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের পুকুরপাড়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে।


রুহুল আমিনের মেজ মেয়ে রুনা লায়লা বলেন, পরিবারের সচ্ছলতা ফেরাতে তাঁর বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি আমাদের এতিম করে চলে গেলেন। এখন আমরা কী করবো, কিছুই বুঝতে পারছি না। আমরা দুই বোন ও এক ভাই—এখন মা ছাড়া আমাদের আর কেউ নেই। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন। এখন বাবার লাশের অপেক্ষা আর দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই।


তিনি আরও জানান, তাঁর বাবা আরও দু’জন সহকর্মীসহ ২৫ থেকে ৩০ ফুট নিচে ড্রেনের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে দুইজন উপরে উঠে এলেও তাঁর বাবা উপরে ওঠার সময় মাত্র দুই ধাপ এগোতেই হঠাৎ মাটি ধসে পড়ে। এতে তিনি মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।


বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, রুহুল আমিনের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে আমার কাছে এলে আমি তা সরবরাহ করব। এছাড়া আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে যতটুকু সম্ভব সহায়তা করা হবে।


গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, নিহত রুহুল আমিনের যদি বৈধ কাগজপত্র থাকে, তবে সরকারি যে সমস্ত সুবিধা পাওয়ার কথা, সেই বিষয়ে আমরা তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করব।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত