মেহেরপুরে জ্বালানি তেলের মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির। সভায় জ্বালানি তেলের বর্তমান মজুত পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা, ন্যায্যমূল্যে বিক্রয় নিশ্চিতকরণ এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং সেবার মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির তাঁর বক্তব্যে বলেন, জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনসাধারণের ভোগান্তি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাঁর বক্তব্যে জানান, জ্বালানি তেল সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, ক্যাবের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাসজুল হক মানিক মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জ্বালানি খাতের প্রতিনিধিরা।
সভায় বক্তারা, জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদক মেহেরপুর