মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে প্রবাসীর বাড়িতে হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারী ও এক সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে মোটরে পানি তোলা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাইলমারী গ্রামের সৌদি প্রবাসী বুলবুল আহমেদের চৌগাছা মসজিদপাড়ার বসতবাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন একই এলাকার জয় ও তার মা মালা খাতুন। ভাড়াটিয়া হিসেবে থাকার সময় জয় স্থানীয় প্রভাব খাটিয়ে বাড়ির মালিকের স্ত্রী নারগিস পারভীন, তার মেয়ে সুমি এবং জামাতা সাংবাদিক সুমন আলীকে প্রায়ই হুমকি-ধমকি দিতেন।
ঘটনার দিন মোটর মেরামতকে কেন্দ্র করে জয় তার সহযোগীদের নিয়ে রড ও দেশীয় ধারালো অস্ত্রসহ ঘরে ঢুকে সুমন আলী, তার স্ত্রী ও শাশুড়ীকে মারধর করেন। এসময় সুমন আলীর একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং তাদের কিছু সময়ের জন্য ঘরে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত সুমন আলী একটি দৈনিক সময়ের চিত্র পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
এ ঘটনায় নারগিস পারভীন বাদী হয়ে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের হুমকির কারণে প্রবাসীর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি শান্ত করা হয়। লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক গাংনী