পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মুজিবনগর পর্যটন কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খান।
মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা খানজাহান আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি খাইরুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাইম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি জনাব জারজিস হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়বিচার ও ইনসাফ কায়েম করার জন্য আমাদের এই রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। জনগণের সেবায় জামায়াতে ইসলামী সব সময় পাশে আছে এবং থাকবে।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ইফতারে শরিক হন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মুজিবনগর অফিস