মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২৬ ইং
গাংনীতে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। ট্রাক থেকে উন্মুক্ত স্থানে বিক্রির পরিবর্তে স্থানীয় একটি দোকানের গোডাউন থেকে পণ্য বিতরণ এবং রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তিদের মধ্যে তা বণ্টনের অভিযোগ করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার সকালে উপজেলার রায়পুর বাজারে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নে টিসিবির ট্রাকসেল কার্যক্রম চালু রয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি প্যাকেজ ৫৯০ টাকা মূল্যে বিক্রি করার কথা। প্যাকেজে সাধারণত তেল, ডাল, চিনি ও ছোলা থাকে, যা নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত মূল্যে সরবরাহ করা হয়। এসব পণ্য ট্রাকের মাধ্যমে খোলা জায়গায় বিক্রির বিধান রয়েছে।


অভিযোগ রয়েছে, এসব নিয়মের তোয়াক্কা না করে বাজারের আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরের আন্ডারগ্রাউন্ড গোডাউনে পণ্য রেখে গোপনে প্যাকেটিং করা হয় এবং পরে তা নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে বিতরণ করা হয়। এতে টিসিবি পণ্য বিক্রির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।


স্থানীয়দের অভিযোগ, হেমায়েতপুর গ্রামের আরেফিন, রায়পুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরের স্বত্বাধিকারী আলামিন হোসেন এবং স্থানীয় জামায়াত নেতা মফিজসহ কয়েকজন ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের অনুগতদের মধ্যে এসব পণ্য বিতরণ করেছেন। ফলে সাধারণ অনেক মানুষ টিসিবি পণ্য না পেয়েই ফিরে গেছেন।


এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী জানান, বিকেল তিনটার দিকে ট্রাকসেল কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই পণ্য বিক্রি শুরু হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি বলেন, সকালে পণ্য বিক্রির বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।


রায়পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলাম বলেন, ট্রাকসেলের পণ্য বিতরণ বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ইউনিয়ন পরিষদের সঙ্গে কোনো ধরনের সমন্বয়ও করা হয়নি। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু ব্যক্তি নিজেদের লোকদের মধ্যে পণ্য বিতরণ করেছেন।


এদিকে টিসিবির ডিলার প্রতিষ্ঠান তানহা অ্যান্ড তালহা ট্রেডার্সের স্বত্বাধিকারী মুতালেপ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রায়পুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরের স্বত্বাধিকারী আলামিন হোসেন বলেন, তার গোডাউন থেকে প্যাকেটিং করে দোকানের সামনে ট্রাকসেলের পণ্য বিতরণ করা হয়েছে। তবে দোকানের ভেতর থেকে পণ্য বিক্রি ও অনিয়মের অভিযোগ তিনি অস্বীকার করেন।


গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, ট্রাকসেল কার্যক্রমের টিসিবি পণ্য কোনো দোকান থেকে বিক্রি করার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে তেল নিয়ে বিবাদ, বৈষম্যবিরোধী কর্মীকে পিটিয়ে হত্যার জেরে