মেহেরপুরের মুজিবনগর উপজেলায় একটি মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল প্রায় ১০টার দিকে উপজেলার দারিয়াপুর এলাকার লাউগড়ার বিল নামক মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দারিয়াপুর গ্রামের আকবারের ধানের জমির পশ্চিম কোনায় আমানুল্লাহর জমির পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। মরদেহটি ইন্ডিয়ান ৪এক্স (4x) পিলার থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে পাওয়া যায়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, থানায় টিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তিনি আরও জানান, অজ্ঞাত মরদেহটির পরিচয় সনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুজিবনগর অফিস