বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
গাংনীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মেহেরপুরের গাংনী উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারক মো. গোলাম কবির বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের নভেম্বর মাসে গাংনী উপজেলার ধলা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন রেজাউল ইসলাম। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে মরদেহ গোপনের চেষ্টা চালানো হয় এবং স্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে প্রচার করা হয়।


তদন্তকালে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। এছাড়া প্রতিবেশী ও স্বজনদের সাক্ষ্য এবং আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদালতে দেওয়া জবানবন্দিতে রেজাউল ইসলাম জানান, বিবাহের দীর্ঘ সময় পর স্ত্রীর পরকীয়া সন্দেহ ও পারিবারিক বিরোধের জেরে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। প্রথমে ঘটনাটি আড়াল করার চেষ্টা করলেও পরে সত্য স্বীকার করেন।


দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন মীর আলমগীর ইকবাল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে