সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের মাঠ কর্মীদের বিরুদ্ধে

২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ!
  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৬ ইং
গাংনীতে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের মাঠ কর্মীদের বিরুদ্ধে

মেহেরপুরের গাংনী উপজেলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাঠ কর্মী শাহাবুল আলম ও বাবলুর বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শাহাবুল আলম ও বাবলু ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাঠ কর্মী ও হিজলবাড়ীয়া গ্রামের বাসিন্দা।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী গ্রাহক মনিরুল ইসলাম, ইমাদ আলী, আসাদুল ইসলাম, আছিয়া খাতুন ও জনাব আলী। তারা বলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় ৫০ জন গ্রাহকের সঙ্গে ১০ বছর মেয়াদি বীমা চুক্তির আওতায় মোট প্রায় ২০ লাখ টাকা উত্তোলন করা হয়। চুক্তির মেয়াদ ৫ থেকে ৭ বছর আগে শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত লাভসহ জমাকৃত টাকা ফেরত দেওয়া হয়নি।


ভুক্তভোগীরা বলেন, মেয়াদ শেষ হওয়ার পর টাকা ফেরত চাইলে জামায়াতে ইসলামীর দলীয় প্রভাব খাটিয়ে শাহাবুল আলম ও বাবলু তাদের নানা ভাবে হয়রানি করছেন। টাকা চাইতে গেলে খারাপ আচরণ করা হয় এবং পুলিশ দিয়ে হয়রানি করার ভয় দেখানো হচ্ছে। তারা আরও বলেন, বিষয়টি নিয়ে হিজলবাড়ীয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।


অভিযোগের সত্যতা নিশ্চিত করে সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, জামায়াতে ইসলামী নেতা শাহাবুল আলম ও বাবলু দলীয় প্রভাব খাটিয়ে ভুক্তভোগী গ্রাহকদের প্রায় ২০ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন এবং পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা করেছেন।


এ বিষয়ে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু জানান, ভুক্তভোগীরা তার কাছেও অভিযোগ করেছেন যে, জামায়াত নেতা শাহাবুল ও বাবলু দলীয় প্রভাব ব্যবহার করে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। তিনি আরও বলেন, দ্রুত ভুক্তভোগীদের দাবিকৃত টাকা ফেরত দিতে হবে। অন্যথায় ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

মানুষের প্রত্যাশা আরও বেশি কিছু