চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলার যুগিরহুদা গ্রামে বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীদের ওপর জামায়াত সমর্থকদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। গতকাল রোববার সন্ধ্যায় ওই হামলার ঘটনার পর জেলা ছাত্রদলের একটি প্রতিনিধি দল এবং স্থানীয় নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ-এর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহাগ শেক প্রান্ত।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, নির্বাচনী প্রচারণার নামে জামায়াত কর্মীরা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং পবিত্র ধর্মগ্রন্থ ব্যবহার করে অনৈতিকভাবে ভোট সংগ্রহের চেষ্টা করছে। প্রতিবাদ করায় ছাত্রদল ও বিএনপি কর্মীদের ওপর পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এসময় তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ ভূমিকা পালন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আলাল হোসেন, ছাত্রদল নেতা সিহাব, ইমন সাদিক, লিমন, আহাদ, সিয়াম, আকাশ, সেজান, সাহেদ, সুজন, রাহামিন এবং যুবনেতা কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। উল্লেখ্য, বিকেলে যুগিরহুদা গ্রামে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, যাতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন
নিজস্ব প্রতিবেদক