মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের হলদিপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কুয়ারপাড় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- জিয়ারুল ইসলাম (৪৫), চঞ্চল আলী (৩৩), জামিরুল ইসলাম (৪০) ও হাসিবুল ইসলাম (৪৮)। আহতদের উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সিহাব আলীর দাদা অবিশ্বাস আলী প্রায় ৪০ বছর আগে ওই ৪ বিঘা জমি আহতদের দাদার কাছে বিক্রি করেছিলেন। তবে সম্প্রতি সিহাব আলী ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন। গতকাল শুক্রবার দুপুরে সিহাব তাঁর দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ ওই জমি দখল করতে যান। এসময় স্থানীয়রা বাধা দিলে সিহাবের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে চঞ্চল আলী ও তাঁর ভাই হাসিবুলসহ চারজন জখম হন।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে সিহাব আলীর একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া সিহাবের ছোট ভাই প্রবাসী সাহেব আলীর ছেলে সাব্বির আহমেদকে পাশের সহগলপুর গ্রাম থেকে আটকে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী সাব্বির আহমেদকে আটক রাখলে পুলিশ পরে তাদের হেফাজতে নেয়।
প্রতিবেদক গাংনী