মেহেরপুর সদরের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক (ধর্মীয়) মাওলানা সিরাজুল ইসলামের (ছোট হুজুর) জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ যোহর মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোমিনপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। বার্ধক্যজনিত কারণে তিনি গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাওলানা সিরাজুল ইসলাম ১৯৭৪ সালে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন এবং ২০১৮ সালে অবসর গ্রহণ করেন। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং ছোট ভাইয়ের সঙ্গে বসবাস করতেন।
এলাকাবাসী জানান, তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার, খোদাভীরু ও পরোপকারী মানুষ। নিজের সারাজীবনের সঞ্চয় দিয়ে তিনি এতিম ও দরিদ্র শিশুদের পড়ালেখার ব্যবস্থা করেন এবং তিনটি মাদরাসা নির্মাণ করেন। অসংখ্য ছাত্রকে লেখাপড়ার খরচ দিয়ে আলেম হিসেবে গড়ে তুলেছেন। খুবই সাদাসিধে জীবনযাপন করতেন, এক-দুই সেট কাপড়েই বছরের পর বছর পার করতেন। ব্যাংকে কোনো সঞ্চয় না রেখে উপার্জিত অর্থ মানবকল্যাণেই ব্যয় করেছেন।
তার ইন্তেকালের খবরে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। জানাজায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান, আলহাজ্ব মাওলানা তালিব উদ্দীন, বারাদী মাদরাসার মুহতামিম শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুস সালেকীনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিবেদক বাড়াদী