মেহেরপুরের আমঝুপি বাজারে মেছো বিড়ালসহ অন্যান্য বন্যপ্রাণি সংরক্ষণে সামাজিক বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ যৌথভাবে একটি প্রচারণা কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় প্রচারণাটি বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. টি. হামিম হায়দার (ডি আর), মেহেরপুর বন বিভাগের কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ সংগঠনের সদস্য শাহাবুল ও নিরব।
বন বিভাগের কর্মকর্তা বলেন, মেহেরপুর জেলায় বিভিন্ন সময়ে আহত ও নিহত মেছো বিড়াল উদ্ধারের খবর পাওয়া যায়। মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নিরসনে বন বিভাগ পরিবেশবাদী সংগঠনের সঙ্গে একযোগে কাজ করছে। বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি বলেন, মেহেরপুর জেলা মেছো বিড়ালের একটি গুরুত্বপূর্ণ হটস্পট। একটি মেছো বিড়াল তার জীবদ্দশায় প্রায় ৫০ লাখ টাকার ফসল রক্ষা করে কৃষকদের উপকার করে থাকে। এরা প্রাকৃতিক কীটনাশক ও পরিবেশের ভারসাম্য রক্ষাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।