মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শরীফুজ্জামান

মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে
  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শরীফুজ্জামান

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বর্তমান ও সাবেক নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর মোড়ে হারেজ মিয়ার বাড়ির সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডা. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই মতবিনিময় সভা শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আলমডাঙ্গার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্য, ত্যাগ ও আন্দোলনের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। দীর্ঘদিন ধরে আপনারা নানা প্রতিকূলতা, মামলা-হামলা, নির্যাতন ও দমন-পীড়নের মধ্যেও বিএনপির আদর্শকে বুকে ধারণ করে মাঠে ছিলেন, এই ত্যাগের ইতিহাস কেউ মুছে দিতে পারবে না।


তিনি আরও বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র থেকে বঞ্চিত। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপির নেতা-কর্মীদের আরও সংগঠিত, আরও সচেতন এবং ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগত স্বার্থ নয়, দলের স্বার্থ ও দেশের স্বার্থকে সবার আগে রাখতে হবে।
শরীফুজ্জামান শরীফ বলেন, আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি ঐতিহ্যগতভাবে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। এখানকার তৃণমূল কর্মীরাই দলের মূল শক্তি। আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই- দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন, আন্দোলনে সক্রিয় ছিলেন, ভবিষ্যতেও তাদের মূল্যায়ন করা হবে। দলের ভেতরে বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই, ঐক্যই আমাদের একমাত্র শক্তি।


তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও পাড়া-মহল্লায় সংগঠনকে শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে- এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।


সভায় তিনি বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছে, তা আমি কখনো ভুলবো না। আমি আপনাদেরই একজন, আপনাদের সুখ-দুঃখের সঙ্গী। ইনশাআল্লাহ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করব।’


শেষে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজকের এই মতবিনিময় সভা থেকে আমাদের শপথ নিতে হবে- সব ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করব, জনগণের পাশে থাকব এবং গণতন্ত্র ও ন্যায়ের আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব।’
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রেজাউল করিম, সিতাব আলী, সরোয়ার হোসেন, ইউনুস আলী, শওকত খান, যুবদল নেতা শফিকুল ইসলাম ডালিম, রহিত আলি, সুন্নত আলী, রানা, সাগরসহ আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে আত্মহত্যার হার নিয়ে উদ্বেগজনক চিত্র, এক বছরে ৩০১ জনের মৃত্যু