ঝিনাইদহে মহেশপুর সীমান্তে মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলি করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারাটার দিকে সীমান্ত এলাকার ভাসানপোতা গ্রামের মাঠে এই গুলির ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মতি মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের আজিজুল ইসলাম গটুর ছেলে।
গুলিবিদ্ধ মতির ছেলে হিছাব আলী জানান, তার পিতা কেস পার্টনার মকলেছুর রহমানের সঙ্গে ঝিনাইদহ আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। মহেশপুরের ভৈরবা বাজারে মকলেছুর রহমানকে নামিয়ে দিয়ে একাই বাড়ি ফিরছিলেন মতি। ভৈরব বাজার থেকে অস্ত্রধারী দুই দুর্বৃত্ত মতির মোটরসাইকেলের পিছু নেয়। মতি ভাসানপোতা গ্রামের মাঠে পৌঁছালে পিছন থেকে অস্ত্রধারীরা গুলি করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এসময় পথচারীরা তার পিতাকে গুরুতর আহত অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করে। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মাহামুদা জানান, মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোরে রেফার্ড করা হয়েছে।
মহেশপুর পুলিশ ও সীমান্ত এলাকার সূত্রগুলো জানায়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি সোনা চোরাচালানের বিরোধ নিয়ে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে শামিম হোসেন ও মণ্টু মিয়া নামে দুই ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের সঙ্গে তরিকুল ইসলাম আকালে নামে এক চোরাকারবারি জড়িত ছিল।
গুলিবিদ্ধ মতিয়ার রহমান মতি সীমান্ত এলাকায় সোনাসহ চোরাচালানের ঘাট নিয়ন্ত্রণ করে। মূলত চোরাচালান ও টাকার ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষ তরিকুল ইসলাম আকালের সঙ্গে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ থেকে সোমবার বিকেলে তরিকুল ইসলাম আকালে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা মতিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এর আগেও মতির উপর গুলি বর্ষণ করেছিল আকালে ও ইব্রাহীম, কিন্তু সে যাত্রায়ও বেঁচে যায় মতি।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। গুলিটি তার পিঠের পিছন থেকে শরীরের মধ্যে প্রবেশ করেছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মহেশপুর-কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সায়েম ইউসুফ জানান, এ ঘটনায় বাঘাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে ইব্রাহীম ওরফে ইব্রাকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।
ঝিনাইদহ অফিস