বাংলাদেশের সর্ববৃহৎ দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের আধুনিকায়ন প্রকল্পের কাজ অবশেষে সম্পন্ন হয়েছে। দুই বছরের মধ্যে শেষ করার লক্ষ্যে নেওয়া এই প্রকল্পটি বাস্তবায়নে লেগেছে দীর্ঘ ১৪ বছর। ২০২৫-২৬ মাড়াই মৌসুমে নতুন ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় দর্শনা কেরুজ চিনিকলের নতুন ডোঙ্গায় আখ নিক্ষেপ করে প্রকল্পের উদ্বোধন করেন কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। দীর্ঘদিন ধরে চলমান প্রকল্পটি অবশেষে আলোর মুখ দেখায় কেরুজ কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কেরু সূত্রে জানা গেছে, প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে ১০২ কোটি ২১ লাখ টাকা। ২০১২ সালে শুরু হওয়া প্রকল্পটি বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে ১৪ বছরে শেষ হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় পরবর্তীতে নতুন করে বিএমটিএফ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়, যারা বাকি কাজ সম্পন্ন করে।
উল্লেখ্য, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দর্শনা কেরুজ চিনিকলটি দীর্ঘদিন একই প্রযুক্তিতে পরিচালিত হয়ে আসছিল। সময়ের সঙ্গে সঙ্গে মিলটির উৎপাদন ক্ষমতা হ্রাস পেলে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে বয়লিং হাউজসহ মিলের গুরুত্বপূর্ণ অংশগুলোতে বিএমআর প্রকল্পের কাজ শুরু করা হয়।
কেরু সূত্র জানায়, ২০১২ সালে তৎকালীন সরকার দুই বছরের সময়সীমা নির্ধারণ করে ‘বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড’ প্রকল্পটির অনুমোদন দেয়। সে সময় প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৪৬ কোটি টাকা। তবে সাত দফা সংশোধনের মাধ্যমে সময় বাড়ানো হয় ২০২৫ সালের জুন পর্যন্ত এবং ব্যয় বেড়ে দাঁড়ায় ১০২ কোটি টাকায়। এরপরও কাজ শেষ না হওয়ায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অষ্টমবারের মতো সংশোধনের অনুমোদন দেয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশ দেওয়া হয়, যা কার্যত এখন সম্পন্ন হলো।
পরিকল্পনা কমিশন ও শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দর্শনা কেরুজ চুয়াডাঙ্গা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রাথমিক দৈনিক আখ মাড়াই ক্ষমতা ছিল ১ হাজার ১৬ মেট্রিক টন। আধুনিকায়নের মাধ্যমে আখ মাড়াই ও চিনি উৎপাদন ক্ষমতা সংরক্ষণ, যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং প্রসেস লস ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমআর প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ফিদা হোসেন বাদশা, বিএমটিএফের ডিরেক্টর ম্যানেজার বেলায়েত হোসেন, দর্শনা কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক এডিএম মির্জা গালিব, মহাব্যবস্থাপক (যন্ত্রাংশ) ইসমাইল হোসেন মোল্লাসহ কেরুজ চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
দর্শনা অফিস