রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জানাজায় অংশ নিতে চুয়াডাঙ্গার হাজারো নেতা-কর্মীর ঢাকায় রওনা

জানাবেন অবিস্মরণীয় নেত্রীর শেষ বিদায়ে শ্রদ্ধা
  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২৫ ইং
জানাজায় অংশ নিতে চুয়াডাঙ্গার হাজারো নেতা-কর্মীর ঢাকায় রওনা

বাংলাদেশের রাজনীতির এক অবিস্মরণীয় নেত্রী, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চুয়াডাঙ্গা জেলা থেকে হাজারো নেতা-কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। জেলার চারটি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শোকের ছায়া নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে বাস, ট্রেন, প্রাইভেটকার ও ব্যক্তিগত গাড়িতে ঢাকার পথে বের হন। চোখে চোখে অশ্রু, মুখে স্তব্ধতা- গণতন্ত্রের মা, আপসহীন নেত্রীর জন্য কষ্ট এবং শ্রদ্ধার ছাপ ছিল সর্বত্র।


চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম পিটু ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুরের পর ঢাকার উদ্দেশ্য চুয়াডাঙ্গা ত্যাগ করেন। 


শহরের বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ডে দেখা যায়, শোকের মাঝেও নেতা-কর্মীদের তাদের মনোবল দৃঢ়। কারণ তারা জানেন, আজকের এই যাত্রা শুধুই রাজনৈতিক নয়- এটি নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধার প্রকাশ।
চুয়াডাঙ্গা জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম বলেন, ‘আমাদের মা চলে গেছেন। আজকে আমরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার পথে রওনা হলাম। চোখে অশ্রু আছে, কিন্তু হৃদয়ে তার আদর্শের প্রতি অটল ভালোবাসা।’ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেতা নন, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। আজ তার বিদায়ের দিনে আমরা তার জন্য প্রার্থনা করছি এবং তার দেখানো পথে আমাদের কাজ চালিয়ে যাব।’


চুয়াডাঙ্গা শহরের একজন ব্যবসায়ী বলেন, ‘রাজনীতি ছাড়া আমাদের জীবন চলতে পারে, কিন্তু দেশের জন্য যে মানুষ কাজ করেছেন, তাকে শেষ বিদায় না দেওয়া যায় না। তাই আমরা ঢাকার পথে রইলাম।’
নেত্রীকে শেষ বিদায় দিতে জনসাধারণও ঢাকায় ছুটছেন। রাজনৈতিক নেতা-কর্মী এবং সাধারণ মানুষদের এই সমবেত শোক ও শ্রদ্ধা দেখাচ্ছে, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কেবল রাজনৈতিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। চুয়াডাঙ্গার নেতা-কর্মীরা জানিয়েছেন, এই যাত্রা তাদের জন্য শুধু শোক প্রকাশ নয়, বরং নেত্রীর আদর্শ ও ত্যাগ স্মরণে নতুন উদ্দীপনার উৎস।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত