মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

রাস্তা সংস্কারে মান নিয়ে প্রশ্ন, স্থানীয়দের ক্ষোভ
  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৫ ইং
গাংনীতে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার কুঞ্জনগর গ্রামে রাস্তা সংস্কার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী উপজেলার হুদাপাড়া কুঞ্জনগর বালিকা বিদ্যালয় মোড় থেকে মিনাপাড়া হাইস্কুল মোড় পর্যন্ত ৬৬০ মিটার রাস্তা সংস্কারের কাজ চলছে। প্রায় ৩৫ লাখ ৩ হাজার ৬৭ টাকা ব্যয়ে এ কাজের ঠিকাদারি পেয়েছে মেসার্স মোকলেস ট্রেডার্স এন্টারপ্রাইজ। বর্তমানে কাজটি বাস্তবায়ন করছে বামুন্দি বাজারের ব্যবসায়ী সোহাগ ট্রেডার্স।


অভিযোগ উঠেছে, সরকারি বিধিমালা অনুযায়ী যেখানে ১ নম্বর ইটের খোয়া ব্যবহারের কথা, সেখানে ঠিকাদার ইটভাটার পরিত্যক্ত ৩ নম্বর ইটের রাবিশ ব্যবহার করে রাস্তা নির্মাণ করছেন। এতে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, গাংনী উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান যোগদানের পর থেকে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সুযোগ করে দিচ্ছেন। একইভাবে রাস্তার তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী ইমরান হাসানও দায়িত্ব পালনে অবহেলা করেছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, তিনি ঠিকাদারের কাছ থেকে অর্থ নিয়ে কাজের সাইডে নিয়মিত উপস্থিত থাকেননি, ফলে ঠিকাদার ইচ্ছেমতো নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন।


এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোহাগ বলেন, ইঞ্জিনিয়ারকে ম্যানেজ করেই আমরা এখানে কাজ করছি। তবে ৩ নম্বর ইটের রাবিশ ব্যবহারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান জানান, নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণ করা হবে এবং ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, রাস্তাটি দেখভালের দায়িত্ব উপসহকারী প্রকৌশলী ইমরান হাসানকে দেওয়া হয়েছিল। তাকে জিজ্ঞাসা করলে তিনি কাজের সাইডে যাননি বলে জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী