মেহেরপুর-১ আসনে বিএনপি মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সদর, পৌর ও মুজিবনগরের বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান বলেন, ‘আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করব, মেহেরপুরে আপনার গোয়েন্দা টিম পাঠান। দেখবেন, মেহেরপুরের মানুষের কাছে জেলা বিএনপির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা কতখানি। মেহেরপুর-১ আসনে যদি কোনো দুর্ঘটনা (অ্যাক্সিডেন্ট) ঘটে, তার একমাত্র কারণ হবে এই মনোনয়ন।’
তিনি আরও বলেন, ‘মেহেরপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে দলের তৃণমূল, সবাই জেলা বিএনপির সঙ্গে আছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপির পক্ষে এর কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনসার উল হক, আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, মীর গোলাম ফারুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, ওমর ফারুক লিটন, সাবেক সদস্য জাকির হোসেন, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সালেহ নাসিম এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।
প্রতিবেদক মেহেরপুর