মেহেরপুরে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, রোববার সকালে সদর উপজেলার রায়পুর বন্দর ও হোটেল বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালান।
এসময় লাইসেন্স ছাড়া তেল ও গ্যাস বিক্রির অপরাধে মেসার্স শাহিন ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহিনুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অভিযোগে নিউ বেঙ্গল ফুডসের স্বত্বাধিকারী আলী হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অবৈধ প্রক্রিয়ায় পেইন্ট উৎপাদনের অপরাধে নিভালাক পেইন্টস বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী নাইমুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, র্যাব-১২ সিপিসি-৩ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস.বি. ওয়াহিদুজ্জামান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
প্রতিবেদক মেহেরপুর