বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। একই সঙ্গে তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গতকাল রোববার বিকেলে গাংনীর বামুন্দী বাজারে ৩১ দফা প্রচার, গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব বুলবুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন আর রশিদ বাচ্চু, উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল বারী মোতালেব, সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাসিরুল আজিজ হাসান প্রমুখ।
সভা-সেমিনার থেকে শুরু করে ঘরে ঘরে গিয়ে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ৩১ দফার গুরুত্ব ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের যে স্বপ্ন তারেক রহমান দেখিয়েছেন, সেই ৩১ দফার বাস্তবায়নই বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেবে। ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক অগ্রগতির দিকনির্দেশনা। এ কর্মসূচিতে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভবিষ্যৎ পরিবর্তনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশ আরও এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিবেদক গাংনী