রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি
  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ফুটবল মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের উপস্থাপনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন।


তিনি বলেন, ‘প্রায় দুই হাজার ছাত্র ও জনতাকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। বিডিআর, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে আন্দোলন দমনের চেষ্টা করেছিল। তিনি জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনটি নির্মূলের চক্রান্ত করেছিলেন, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। রান্না করা খাবার রেখে নিজেকেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল।’




জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘আমাদের আন্দোলন দেশের ৫৪ বছরের জুলুম ও নির্যাতনের অবসানের জন্য। জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি।’


সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলার অন্যতম সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমানসহ জেলার নেতৃবৃন্দ।


এদিকে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে অংশ নেন জামায়াত নেতা-কর্মীরা।


এতে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আওয়ালের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর, নায়েবে আমির আব্দুল আলিম, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব, শৈলকূপা উপজেলা জামায়াতের আমির মতিউর রহমান। এসময় বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহীদদের রক্তে অর্জিত সরকার। এই সরকার যদি কোনো সাম্রাজ্যবাদী দখলবাজ শক্তির কাছে মাথানত করে, তাহলে জনগণ আবারও রাজপথে নেমে নতুন বিপ্লবের ডাক দেবে। জুলাই গণঅভ্যুত্থান বিরোধী সকল অপচেষ্টা রুখে দেবে জনগণ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত