দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ১৪০.৫৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ ৮৩ হাজার টাকা। আটক ব্যক্তির নাম হাসেম বিশ্বাস (৪৮)। তিনি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের জসিম বিশ্বাসের ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর (বুধবার) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশে একটি বিশেষ দল সীমান্ত পিলার ৯৩/৩-আর থেকে প্রায় ১২০০ গজ ভেতরে কুতুবপুর পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি সদস্যরা মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে এগিয়ে যাওয়া এক ব্যক্তিকে সন্দেহভাজন মনে করে থামার নির্দেশ দেয়। তিনি পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে।
পরবর্তীতে তল্লাশির সময় তার লুঙ্গির কোচরে স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেট খুলে ১৪০.৫৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং মোটরসাইকেলও জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত স্বর্ণ, মোটরসাইকেল ও মোবাইল ফোনের মোট মূল্য ২৬ লাখ ৮৩ হাজার ৫১৭ টাকা।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সুবেদার মো. হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের বারটি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী বলেন, ‘সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক